নেত্রকোণার পূর্বধলায় ৩৫ বোতল বিদেশি মদসহ রাকিব মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে পূর্বধলা উপজেলার বনপাড়া বাজারসংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় তাকে আটক করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া বাজারসংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহ তল্লাশি চালানো হয়। এ সময় রাকিব মিয়ার কাছ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক রাকিব মিয়া ময়মনসিংহের বাসিন্দা। এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নেত্রকোণাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
এসআরবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ তাঁকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত