মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অ্যাকশন কমিটি ‘ট্রাম্প ৪৭ কমিটি ইনকরপোরেটেড’-এর বিরুদ্ধে ১ কোটি ডলারের মামলা করেছেন সংগীতশিল্পী নিল ইয়ং। সোমবার (২৬ অক্টোবর) করা মামলায় তাঁর অভিযোগ, মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে ট্রাম্পের মঞ্চে প্রবেশের সময় অনুমতি ছাড়াই বারবার তাঁর ‘রকিন’ ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ (Rockin’ in the Free World) গানটি বাজানো হয়েছে। এতে কপিরাইট আইন লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
অনুমতি ছাড়া ট্রাম্পের প্রচারে নিজের গান ব্যবহারের অভিযোগে এটি নিল ইয়ংয়ের দ্বিতীয় মামলা। এর আগে ২০২০ সালেও একই ধরনের অভিযোগে মামলা করেছিলেন তিনি। পরে সেই মামলার নিষ্পত্তি হয়। তবে নতুন মামলায় ইয়ংয়ের দাবি, আগের সমঝোতার শর্ত ভেঙে আবারও তাঁর গান ব্যবহার করা হচ্ছে।
নিল ইয়ংয়ের মতে, গানটির বক্তব্য ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৮৯ সালে প্রকাশিত এই গানটি মূলত একটি প্রতিবাদী সংগীত। এতে মার্কিন রাজনীতির প্রতিশ্রুতির সঙ্গে দরিদ্র, গৃহহীন ও সমাজের অবহেলিত মানুষের বাস্তব জীবনের পার্থক্য তুলে ধরা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, গানটির কথায় রাস্তায় বেঁচে থাকা মানুষের জীবনের করুণ চিত্র ফুটে উঠেছে। মামলায় আরও বলা হয়েছে, ‘সংক্ষেপে, গানটি ডোনাল্ড জে. ট্রাম্প যা কিছুর প্রতিনিধিত্ব করেন, তার সম্পূর্ণ বিপরীত।’
ভ্যারাইটি জানিয়েছে, সোমবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে ট্রাম্প ৪৭ কমিটির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ইয়ং।
মামলায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, গত ১২ অক্টোবর ওহাইওর ইয়ংস্টাউনে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গানটি বাজানো হয়েছিল। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজিত অন্যান্য সমাবেশেও গানটির রেকর্ডিং ‘অসংখ্যবার’ বাজানো হয়েছে।
ইয়ংয়ের আইনজীবীরা রাজনৈতিক উদ্দেশ্যে জনসমক্ষে গানটির আরও ব্যবহার বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছেন। পাশাপাশি ইতিমধ্যে গানটি ব্যবহারের জন্য ১ কোটি ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন তাঁরা।
মামলায় বলা হয়েছে, ‘ট্রাম্প এখন এবং চলতি বছরের সব সমাবেশের সময় ব্যক্তিগতভাবে জানতেন যে সমাবেশে গানটি বাজানোর জন্য লাইসেন্স প্রয়োজন। তিনি এটাও জানতেন যে ইয়ং সেই প্রয়োজনীয় লাইসেন্স দেননি এবং দিতেও রাজি হবেন না।’
সূত্র: ভ্যারাইটি
মতামত