৭৫ হাজার টাকার শাড়িকাণ্ডে করা মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।
বাদীর জবানবন্দি রেকর্ড করেন আদালত। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন বাদী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি করা হয়।
বাদীর দাবি, মামলা করার পর বিভিন্ন সময়ে তাকে মামলা তুলে নিতে হুমকি দেন তানজিন তিশা। পাশাপাশি ক্ষতি করার ভয়ও দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর আসামি মুঠোফোনে বাদীকে হুমকি দিয়ে বলেন, 'আমি যদি তোমার পেছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।' এ ছাড়া তিনি ডিবি পুলিশ নিয়ে বসার কথাও বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদীর দাবি, মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হলে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করেন। পরে ২০২৬ সালের ২৫ অক্টোবর তিনি আদালতে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
অভিযোগে আরও বলা হয়, তদন্ত প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আসামি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমে বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হয়। মামলা প্রত্যাহার না করলে তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে নিকটস্থ থানায় মামলা করতে গেলে তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মতামত