পুলিশের প্রতি মানুষের আস্থা কতটা রয়েছে, সেটির মূল্যায়ন জনগণই করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের প্রতি অর্জিত জনআস্থা ধরে রাখার পাশাপাশি তা আরও বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুলিশের প্রতি জনগণের আস্থা রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আস্থা আরও শক্তিশালী করাই পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ।
এ সময় এক সাংবাদিক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেন। সেখানে আইজিপি পুলিশের জন্য জনআস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন বলে জানান ওই সাংবাদিক। একই সঙ্গে বর্তমান সরকারের আট মাস এবং এর আগে অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছর মিলিয়ে দীর্ঘ সময় পার হলেও সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থার সংকট রয়েছে কি না এবং আস্থা ফিরতে আরও কত সময় লাগবে, তা জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি তো সিদ্ধান্তই দিয়ে দিলেন যে জনআস্থা নাই!’
পরে সাংবাদিক আইজিপির বক্তব্যের প্রসঙ্গ আবার তুলে ধরলে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁর বোঝাপড়া অনুযায়ী আইজিপি জনআস্থা ধরে রাখার বিষয়টিকে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘জনআস্থা আমরা অর্জন করেছি।’
মতামত