জয়পুরহাটের কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খায়ের গোলাম মওলার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর গ্রামে আব্দুল আলীমের চাতালে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মো. আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খায়ের গোলাম মওলা।
বক্তব্যে তিনি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সমন্বয় আরও জোরদার করা এবং ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান৷
সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন সাংগঠনিক বিষয়, ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নিজেদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা নিজেদের মতামত ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে মতবিনিময়ের লক্ষ্যেই এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে আহমেদাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত