খুলনার পাইকগাছায় বকশিস দেওয়াকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এতে লাবণী (৩০) নামে একজনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ৩ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার কাছিঘাটা মাছের আড়ৎ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোছা. জুই খাতুন (৩৩) পাইকগাছা থানায় হাফিজ শেখ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জুই খাতুন, লাবণী ও শাপলা (২২) মানিকতলা এলাকায় একটি শিশুর নাচ-গানের অনুষ্ঠানে যান। পরে শিশুটির বাবা তাদের কাছিঘাটা মাছের আড়তে এসে বকশিস নেওয়ার জন্য বলেন। সেখানে বকশিস দেওয়ার সময় হাফিজ শেখ বাধা দেন এবং তাদের গালিগালাজ করে চলে যেতে বলেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে হাফিজ মাছের ক্রেট দিয়ে লাবণীর মাথায় আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় জুই খাতুন থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে, আমরা দ্রুত ব্যবস্থা নিবো।
মতামত