অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর
কিশোর গ্যাং ও অপরাধ দমনে লক্ষ্মীপুরে পুলিশের ধারাবাহিক অভিযানে তিন দফায় ৫৪৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল রাতে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটক হয়েছেন ৯৯ জন।
বৃহস্পতিবার রাতে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন এবং ডিবি পুলিশের অভিযানে ৯ জন আটক হন। পরে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ১৮৪ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়।
এ ছাড়া রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ২৬৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলার ছয়টি থানায় একযোগে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মতামত