রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে খেলতে গিয়ে বালতিতে রাখা পানিতে ডুবে তাসকিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লা বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তাসকিয়া ওই এলাকার সৌদি আরব প্রবাসী ইলিয়াস শেখের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তাসকিয়ার বড় বোন মাসিফা বাড়ির পাশের বিল থেকে শাপলা ফুল তুলে এনে বাড়ির টিউবওয়েলের পাশে একটি বড় বালতিতে (৩০ লিটার) ভিজিয়ে রাখে।
শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তাসকিয়া খেলতে খেলতে ওই বালতির কাছে যায়। ধারণা করা হচ্ছে, বালতিতে রাখা শাপলা ফুল তুলতে গিয়ে সে ভারসাম্য হারিয়ে বালতির ভেতরে পড়ে যায় এবং পানিতে ডুবে যায়।
পরিবারের সদস্যরা কিছু সময় পরে তাসকিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে রাখা বালতির ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, অল্প সময়ের অসতর্কতায় এমন দুর্ঘটনা ঘটেছে, যা সকলের জন্যই সতর্ক হওয়া উচিত। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেন।
মতামত