ময়মনসিংহের আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক দেড়টার দিকে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই অটোরিকশার ৬ জন যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭ জনে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালী মডেল থানা পুলিশ। দুর্ঘটনার ফলে উক্ত বাইপাস সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত