২৯ সেপ্টেম্বর ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানের অসহায় ও দরিদ্র পরিবারের ২০ জন শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা (মুসলমানি) করানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে শহরের কলেজ রোডস্থ বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান দ্যা নিউ লাইফ হসপিটালে এ সেবামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।
মানবসেবা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে এবং লন্ডন ভিত্তিক চ্যারিটি সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতায় মানবিক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় সুন্নতে খতনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের সভাপতি ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ রফি আহমদ চৌধুরী।
কর্মসূচির উদ্বোধন করেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের সভাপতি মোহিন আহমদ চৌধুরী।
মানবসেবা ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতি সিদ্দিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক নাজেম আল কোরেশী (রাফাত), শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য প্রকল্পের হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক মিয়া, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী ইসমাইল মাহমুদ এবং সাউথ লন্ডন ফাউন্ডেশনের সমন্বয়ক আলফাজ উদ্দিন আহমদ।
আয়োজকরা জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী চলা এই কর্মসূচিতে ডা. আব্দুল্লাহ আল মামুনের তত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের ২০ শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করা হয়েছে। খতনা শেষে প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা এবং প্রয়োজনীয় সব ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "সমাজের দরিদ্র ও অসহায় পরিবারের ২০ জন শিশুদের বিনামূল্যে সুন্নতে খতনার মতো মানবিক এ উদ্যোগ আমাদের সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। ভবিষ্যতেও এ ধরণের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, ইংল্যান্ড প্রবাসী সমাজকর্মী মোহিন আহমদ চৌধুরী ও সাজন মিয়ার নেতৃত্বে গঠিত লন্ডন ভিত্তিক চ্যারেটি সংগঠন "সাউথ লন্ডন ফাউন্ডেশন"-এর উদ্যোগে গত কয়েক বছর ধরে এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, ঈদ-পূজায় আর্থিক সহায়তা, বিভিন্ন সময়ে খাদ্য সহায়তাসহ নানাবিদ কর্মকান্ড পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের সদস্যদের স্বেচ্ছা প্রণোদিত দানে তহবিল গঠন করে এসব সহায়তা প্রদান করা হচ্ছে। যা সর্বত্র ব্যাপক প্রশংসিত হচ্ছে। সামাজিক এসব কর্মকান্ডের ধারাবাহিকতায় এবার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সম্পন্ন হলো দরিদ্র পরিবারের ২০ শিশুর সুন্নতে খতনা।
মতামত