নড়াইলের কালিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মানসুর মোল্যা (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পেড়লি ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত হাসিব মোল্যা (২২) একই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লিপ্টন মোল্যা।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্যার সঙ্গে হাসিবের বিরোধ হয়। একপর্যায়ে ইউপি সদস্যকে অপদস্থ করার অভিযোগ ওঠে হাসিবের বিরুদ্ধে।
এর জের ধরে শনিবার রাতে স্থানীয় একটি দোকানে গেলে হাসিবকে আটকান ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর। দোকানের সাটার বন্ধ করে তিনি ইউপি সদস্যকে অপদস্থ করার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে হাসিব ছুরি দিয়ে মানসুর ও তার সঙ্গে থাকা নূর ইসলামকে আঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত মানসুর ঘটনাস্থলেই মারা যান। আহত নূর ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত হাসিবকে গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও জানান, নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত