নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদ খ্যাত মান্দায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক চার্জার ভ্যান চালক মর্মান্তিকভাবে নিহত হয়েছে ।
জানা যায়, নিহতের নাম ফারুক হোসেন (৪০)। আরও জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া নামক ব্রিজের ওপর এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র মতে প্রকাশ, সকালে সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর একটি চার্জারভ্যানকে গীতাপরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে চার্জার ভ্যানচালক ফারুক হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় পথচারীদের মাঝে আতংক ও ভয় বিরাজ করছে।
মতামত