জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে সার পাচারের সময় দুইটি ভ্যানসহ ১৯ বস্তা সার জব্দ করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো উদ্ধার করেন। উদ্ধার করা সার সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনঝার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজারের সার ডিলার মিজানুর রহমানের দোকান থেকে সারগুলো দুইটি ভ্যানে করে জামালগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ক্ষেতলালের মনঝার বাজার এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যান দুটি থামিয়ে তল্লাশি করেন। এ সময় ভ্যানে থাকা সার দেখতে পেয়ে স্থানীয়রা সেগুলো জব্দ করেন এবং দুই ভ্যানচালককে আটকে রাখেন।
খবর পেয়ে ক্ষেতলাল উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. শামীমা রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আদনাদ মেহেদী ঘটনাস্থলে গিয়ে সারগুলো উদ্ধার করেন। এ সময় তুলশীগঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর শহিদ কালুসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুইটি ভ্যানে মোট ১৯ বস্তা সার পাওয়া যায়। ভ্যান দুটির চালক নয়ন হোসেন ও ফয়সাল হোসেন সারগুলো নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাদের আটক করে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত সার ডিলার মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়রা দুইটি ভ্যানে থাকা ১৯ বস্তা সার জব্দ করেছেন। পরে সারগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার করা সার সরকারি ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
মতামত