দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের উদ্যোগ নেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীদের অনেকেই এখন উদ্বিগ্ন। কারণ ক্ষমতা থেকে সরে গেলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানির সুযোগ বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কা থেকেই তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।
নিজের বক্তব্যের ব্যাখ্যায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ক্রুশ্চেভকে ঘিরে একটি ঘটনা তুলে ধরেন এলডিপি নেতা। তিনি বলেন, ক্ষমতা হারানোর আশঙ্কায় ক্রুশ্চেভের মা যেভাবে উদ্বিগ্ন হয়েছিলেন, বিএনপির কিছু নেতাকর্মীর বর্তমান অবস্থার সঙ্গেও তিনি সেই ঘটনার মিল দেখতে পাচ্ছেন।
অলি আহমেদ অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিএনপির সরকার নয়, বরং এটি শেখ হাসিনার সরকারের মতোই পরিচালিত হচ্ছে। এ বিষয়ে তারেক রহমানসহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের এই লং মার্চ কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা থেকে করা হচ্ছে না। দেশের পরিস্থিতিকে সঠিক পথে ফিরিয়ে আনাই তাদের উদ্দেশ্য।
লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অলি আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী লিখছে, তা নিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। বিভিন্ন পক্ষের সমালোচনা বা উসকানিতে কান না দিয়ে নির্ধারিত লক্ষ্য অর্জনে মনোযোগী হতে হবে।
দেশের স্বার্থে প্রয়োজনীয় কর্মসূচি চালিয়ে যেতে নেতাকর্মীদের দৃঢ় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্য ধরে রেখে লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মতামত