বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ সফল হওয়ার পর কিছু মহলে অস্থিরতা তৈরি হয়েছে। গত দুই দিনে রাজধানীতে এর কিছু লক্ষণ দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে হতাশ হয়ে উত্তেজিত না হয়ে জনগণের দাবিগুলো মেনে নেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, এটি ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লং মার্চ। এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম লং মার্চ অনুষ্ঠিত হয়। সেটি সফল হওয়ার পর কিছু মানুষের মধ্যে অস্থিরতার প্রকাশ দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, হতাশ হয়ে উত্তেজিত না হয়ে জনগণের দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করা উচিত। বর্তমানে তাদের দাবি আট দফার হলেও ভবিষ্যতে তা নয় বা দশ দফায় রূপ নিতে পারে। এমনকি দেশের প্রয়োজন বিবেচনায় যেকোনো সময় এসব দাবি এক দফায় পরিণত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াতের আমির বলেন, দাবি এক দফায় পরিণত হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
দাবি পূরণ না হলে কোনো ধরনের ষড়যন্ত্র বা চক্রান্তের মাধ্যমে আন্দোলন থামানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তাঁর দাবি, ১১ দলীয় ঐক্য কোনো দলের নিজস্ব দাবি নিয়ে মাঠে নামেনি; তারা দেশের জনগণের দাবি নিয়ে আন্দোলন করছে।
১১ দলীয় জোটের কর্মসূচির প্রতি দেশের বিপুলসংখ্যক মানুষের সমর্থন রয়েছে বলেও দাবি করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, এই লড়াই শুরু হয়েছে এবং দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।
মতামত