সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং এতে জনগণের আস্থা কমে অনাস্থা আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মঞ্জু বলেন, শুরু থেকেই সরকারের বিভিন্ন সিদ্ধান্তে ভুলের প্রতিফলন দেখা গেছে। একের পর এক ভুলের কারণে জনগণের মধ্যে সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে বিএনপিকে জনগণ বিভিন্ন নামে অভিহিত করবে বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, গুম-খুনসহ বিভিন্ন অপরাধের বিচার নিশ্চিত না হলে জনগণ সরকারকে ‘বিচার না করা পার্টি’ বলবে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হলে ‘বিদ্যুৎ নাই পার্টি’ নামও দেওয়া হতে পারে।
মঞ্জু বলেন, সবকিছু মিলিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে নতুন একটি নাম দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশ নাই নাই পার্টি ।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি গুম ও খুনের মতো ঘটনার বিচার নিশ্চিতে শক্তিশালী আইন প্রণয়নের প্রত্যাশাও ছিল। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে এবং জুলাই সনদের প্রতিও যথাযথ গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
গুম ও মানবাধিকার ইস্যুতেও সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেন মঞ্জু। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘমেয়াদে পার পেয়ে যেতে পারবে না বলেও তিনি সতর্ক করেন।
ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের অন্যান্য নেতারা।
মতামত