রোববার সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, লালমনিরহাটের দুই সাংবাদিকের বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ‘তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও বর্তমান নাম পরিবর্তনকারী ‘তিস্তা সমবায় বাজার এর ব্যবস্থাপনা পরিচালক এম. এ. হাশেম রংপুর সাইবার ট্রাইব্যুনালে দুই সংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
‘সত্য প্রকাশে কলম চলবে’- এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানব বন্ধনে সত্য প্রকাশে সাংবাদিকদের কলম চলবে বলে প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।
সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা কোনো অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধ করা যাবে না। তারা এই মামলা প্রত্যাহারের দাবি জানান। তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। সাংবাদিকরা অভিযোগ করেন, সাংবাদিকদের হয়রানি ও সংবাদ প্রকাশের পথ রুদ্ধ করতেই এ মামলা করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মতামত