সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, মফস্বলের সাংবাদিকরা সরকারি সহায়তা পাচ্ছেন না—এমন ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি জানান, ট্রাস্টের বর্তমান ৬ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এতে নীতিগত অনুমোদনও মিলেছে। চলতি বছর বাড়তি পুরো অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর সম্পূর্ণ বরাদ্দ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রতিটি দেশ ও সংগঠন তাদের নিজস্ব আইন ও কাঠামোর মধ্যে থেকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পাবে—এটাই প্রত্যাশা। বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীন মতপ্রকাশ অব্যাহত থাকবে বলেও আশা জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুব। অনুষ্ঠানে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত