দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এ ঘটনার পর সীমান্ত এলাকায় পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান।
বিজিবি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত রাত ১১টার দিকে ভারতের কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। পরে বিজিবি সদস্য ও গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে গেলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হন।
স্থানীয়দের দাবি, প্রথম দফায় বাধার মুখে পড়ার পর পাশের আরেকটি এলাকা দিয়েও তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। সেখানেও গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নেয়।
স্থানীয় যুবক রাখেন মোল্লা বলেন, রাতে বাড়ির পাশের মাঠে দাঁড়িয়ে থাকার সময় বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখেন তিনি। পরে চিৎকার করে আশপাশের লোকজনকে জানালে বিজিবি সদস্য ও গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিয়ে যায়।
আরেক স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, প্রথমবার বাধা দেওয়ার কিছুক্ষণ পর পাশের আরেকটি স্থান দিয়েও বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। তবে সেখানেও গ্রামবাসীরা বাধা দিলে তাদের ফিরিয়ে নেওয়া হয়।
শূন্যরেখার কাছাকাছি বসবাসকারী ভারতীয় নাগরিক নুর ইসলাম জানান, তিনি প্রায় ২৮ জনকে দেখেছেন। তাদের মধ্যে চারজন নারী ও ২৪ জন পুরুষ ছিলেন। তাদের সঙ্গে বিএসএফ ও ভারতীয় পুলিশের কয়েকজন সদস্যও ছিলেন। রাত ১টার দিকে তাদের ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ঢুকে যেতে দেখা যায় বলে জানান তিনি।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় পুরুষদের পাশাপাশি নারীরাও লাঠি হাতে গ্রামের বিভিন্ন মোড়ে অবস্থান করছেন। সীমান্তের বিভিন্ন স্থানেও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, পুশইনের চেষ্টা বিজিবি প্রতিহত করেছে। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও সহযোগিতা করেছেন। পুশইন ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নিজেদের উদ্যোগে সীমান্ত এলাকায় নজরদারি করছেন।
মতামত