জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া নারীর নাম মোছাঃ সম্পা আক্তার ববি (৩০)। তিনি বগুড়া জেলার তেঁতুলিয়া বানদিঘী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার স্থায়ী ঠিকানা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী এলাকায়। বর্তমানে তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চক শুকানগাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার একটি দল তিলকপুর বাজারে মেহেদী অটোজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় সম্পা আক্তার ববির কাছ থেকে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল্লাহ আল নোমান, এসআই (নিরস্ত্র) মোঃ শাখাওয়াত হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ সোহেল রানা এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মতামত