ঢাকা-চট্টগ্রাম রোড মার্চে নাহিদ ইসলামের হুঁশিয়ারি ১১ দলীয় রাজনৈতিক জোটের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ পূর্ব সমাবেশে নব্য স্বৈরাচার ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি বিরোধীদের এই গণতান্ত্রিক পদযাত্রায় কোনো ধরনের বাধা সৃষ্টির চেষ্টা করে, তবে লংমার্চের ঘোষিত ৬ দফা দাবি এক দফায় পরিণত হবে। শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে লংমার্চ শুরুর আগে আয়োজিত উদ্বোধনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, "যতই ষড়যন্ত্র বা বাধা আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ চট্টগ্রামে গিয়েই শেষ হবে। নতুন করে যারা দেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে, যারা সর্বত্র চাঁদাবাজির রাজত্ব তৈরি করেছে এবং গণভোটে প্রাপ্ত জনগণের পবিত্র রায়ের সঙ্গে প্রতারণা করেছে—আমাদের এই লংমার্চ মূলত তাদের অন্যায় শাসনের বিরুদ্ধে।"তিনি আরও জানান, বিরোধী দলগুলোর ৬ দফা দাবির প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।
সরকার যদি সেই আন্দোলন দমনে সংঘাতের পথ বেছে নেয় বা বাধা প্রদান করে, তবে পরিস্থিতি এক দফার সরকার পতনের আন্দোলনে রূপ নেবে। উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি সহ ৬ দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আজ সকালে ১১ দলীয় জোটের এই সুবিশাল লংমার্চ গাড়ি বহর নিয়ে রওনা হয়।
মতামত