জয়পুরহাটের ক্ষেতলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই আয়োজন থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথাও জানান জাহেদুল ইসলাম।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রায় ১০ হাজার মানুষের আপ্যায়নের আয়োজন করেছেন উপজেলার ১ নম্বর তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগ্রহী সম্ভাব্য প্রার্থী জাহেদুল ইসলাম।
শনিবার সকালে মনঝার বাজার থেকে সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় অটোভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।
গণসংযোগ শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয় বলে আয়োজক সূত্র জানিয়েছে। অনুষ্ঠানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাহেদুল ইসলাম বলেন, আমি একজন বিএনপির কর্মী। ছোটবেলা থেকেই বিএনপিকে ভালোবাসি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের কৃষকদের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেব।
তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ১ নম্বর তুলসীগঙ্গা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিকসেবা সহজ ও গতিশীল করতে কাজ করবেন।
স্থানীয় আব্দুর রশিদ মাস্টারসহ একাধিক সমর্থক জানান, জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতার চেষ্টা করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জাহেদুল ইসলাম এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মতামত