সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাগাতী বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোছা. নাদিয়া আক্তার (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চন্ডিদাগাতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত নাদিয়া আক্তার সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার মো. বাবুর আক্তারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চন্ডিদাগাতী বাজার এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চন্ডিদাগাতী বাজার এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিয়া আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত