নীলফামারীর ডোমারে আশ-শিফা অর্গানিক কেয়ারের পেইন রিলিফ অয়েল নকল করে বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছে। এ সময় নকল পণ্য বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ডোমার থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডোমার পৌর এলাকার কলেজ রোডে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় আশ-শিফা পেইন রিলিফ অয়েলের বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই স্থান থেকে আরও কয়েকটি প্রতিষ্ঠানের নকল পণ্যও পাওয়া গেছে। এসব পণ্যের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
আশ-শিফা অর্গানিক কেয়ারের অভিযোগ, একটি চক্র তাদের প্রতিষ্ঠানের নাম, লোগো, মোড়ক ও প্যাকেজিং নকল করে দীর্ঘদিন ধরে পণ্য বাজারজাত করে আসছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক পেজ ব্যবহার করে নকল পেইন রিলিফ অয়েলের প্রচার চালিয়ে ক্রেতাদের কাছ থেকে অর্ডার নেওয়া হতো। পরে এসব নকল পণ্য সরবরাহ করা হতো বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।
অভিযানের সময় ডোমার কলেজ রোড এলাকার তফিজুল ইসলামের ছেলে মো. লিটন ইসলাম (২৭) সেখানে ছিলেন বলে জানা গেছে। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে নকল পণ্যগুলো জব্দ করা হয়।
অভিযান শেষে প্রায় ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের নকল আশ-শিফা পেইন রিলিফ অয়েল জব্দ করা হয়। একই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের নকল পণ্য উদ্ধারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
আশ-শিফা অর্গানিক কেয়ারের কনটেন্ট ডিরেক্টর রাকিব হাসান বলেন, নকল পণ্য বাজারজাতের কারণে তাদের ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নকল পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজের মাধ্যমে নকল পণ্য বিক্রির বিষয়ে ক্রেতাদের সতর্ক থাকা প্রয়োজন। একই সঙ্গে প্রতিষ্ঠানের নাম, লোগো ও প্যাকেজিং নকল করে পণ্য উৎপাদন বা বাজারজাতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ ঘটনায় ডোমার থানায় নিয়মিত মামলা হয়েছে। পলাতক লিটন ইসলামকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।
ভোক্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইনে কোনো পণ্য কেনার আগে বিক্রেতার পরিচয় ও পণ্যের সত্যতা যাচাই করে নেওয়া উচিত।
মতামত