মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,সকালে একটি টমটম নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন আব্দুল মান্নান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়েমুচড়ে যায় এবং চালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পায়েও গুরুতর আঘাত লাগে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক জোনায়েদ ও হেলপার রানা মিয়াকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, দুর্ঘটনার ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত