নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝঁগাও ইউনিয়নের চর নটাবাড়িয়া গ্রামের বকুলতলা বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঐক্য সভা সেবা মূলক যুব ও তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের রক্তদাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও মানবিক দিক তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ তাছলিম উদ্দিন। তাঁরা বলেন, রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগীর জীবন ঝুঁকির মুখে না পড়ে, সে লক্ষ্যেই স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় দান করা রক্ত অন্য একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাঁরা আরও বলেন, সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
স্থানীয় সচেতন মহল সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, তরুণদের এমন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম রক্তদানের বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরুরি প্রয়োজনে রক্তের সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।
মানবিক মূল্যবোধ জাগ্রত করা, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় পর্যায়ে মানবসেবার এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
মতামত