গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। একই সঙ্গে শ্রমিকদের বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে বাড়ির মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বাচ্চু বলেন, সরকার শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। তাই কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে ফিরে যাওয়া উচিত। কোনো শ্রমিক কারখানায় হামলা, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না। শ্রমিকের ছদ্মবেশে পতিত আওয়ামী লীগের লোকজন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখা সবার দায়িত্ব। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
এ সময় বাড়ির মালিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের প্রতি সহনশীল হতে হবে এবং কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না।
শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে শ্রমিক, মালিক এবং বাড়ির মালিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য।
মতামত