দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য বাইসাইকেল উপহার দেবে সরকার। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে এসব বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের জন্য কেনার আগে সেগুলোর মান ও ব্যবহার উপযোগিতা যাচাই করতেই তিনি নিজে বাইসাইকেল চালিয়ে দেখেন।
সরকারের এই উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রী বাইসাইকেল পাবে। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের একটি করে বাইসাইকেল দেওয়া হবে।
মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত