ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি জীবনের কঠিন সময় পার করে আবারও অভিনয়ে ফিরেছেন। দীর্ঘদিন হাসপাতাল ও চিকিৎসার মধ্যে থাকার পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে বেশ আবেগাপ্লুত তিনি। অভিনয়ে ফিরে তার মনে হয়েছে, যেন নতুন করে জীবন শুরু করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে।’
গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন, তার মস্তিষ্কে ক্যানসার হয়েছে। এরপর দেশে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে আরও একটি অস্ত্রোপচার করাতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে আগের চেয়ে সুস্থ হয়ে উঠছেন এই অভিনেত্রী। ধীরে ধীরে ফিরছেন কাজেও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অসুস্থতা ও চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরেন তানিয়া। ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, অসুস্থতার শুরুতে তেমন কোনো সমস্যা বুঝতে পারেননি। ‘দাদির আদর’ নাটকের শুটিংয়ের সময় সামান্য মাথাব্যথা হয়েছিল। তবে তখন বিষয়টিকে সাধারণ মাথাব্যথা ভেবেই এড়িয়ে গিয়েছিলেন তিনি।
তানিয়ার জানান, টানা চার দিন শুটিংয়ের সময় মাথাব্যথা কখনো বাড়ছিল, আবার কখনো কমছিল। কাজের ব্যস্ততার কারণে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু পঞ্চম দিন সকালে মাথাব্যথা অসহনীয় হয়ে ওঠে। সেই সঙ্গে শুরু হয় বমি। পরিস্থিতি খারাপ হওয়ায় সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে জানতে পারেন, তার মস্তিষ্কে ক্যানসার হয়েছে।
শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন-এমন খবরেরও ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, শুটিংয়ের সময় অসুস্থ হননি; বরং টানা কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছিলেন। কখনো দুপুরের খাবার সন্ধ্যায় খেতে হয়েছে, আবার রাত পর্যন্ত চলেছে শুটিং। বিরতি ও অনিয়মের কারণে শরীরে ক্লান্তি এসেছিল।
দীর্ঘ আট মাসের বিরতি শেষে গত অক্টোবরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া। সেই অভিজ্ঞতা ছিল তার কাছে ভীষণ আবেগের। অভিনয়জীবনের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যায়। সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় নতুন করে কাজের অনুপ্রেরণাও পেয়েছেন তিনি।
অভিনেত্রীর বলেন, ‘আমি যখন প্রথম শুটিং করি, তখন একদম নতুন ছিলাম। অভিনয়ের কিছুই জানতাম না, শুধু ভালোবাসা আর আগ্রহ ছিল। এবার শুটিংয়ে ফিরে নিজেকে আবার সেই জায়গায় মনে হয়েছে। মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে। টিমের সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ।’
তবে পুরোপুরি সুস্থ হতে এখনো বাকি পথ। চিকিৎসার অংশ হিসেবে প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। আরও দুই মাস এই চিকিৎসা চলবে। এ সময় নিয়মিত শুটিং করার পরিকল্পনা নেই তানিয়ার। শারীরিক অবস্থা বুঝে মাসে এক-দুটি কাজে যুক্ত হতে চান তিনি। চিকিৎসা শেষ হলে আরও সতর্কভাবে স্বাভাবিক জীবনে ফিরতে চান।
অসুস্থতার খবরের চেয়ে নিজের অভিনয় ও কাজ দিয়েই দর্শকের কাছে পরিচিত হতে চান এই অভিনেত্রী। পাশাপাশি কারও শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মতামত