শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ক্যামেরার সামনে দাঁড়িয়েই মনে হলো নতুন জন্ম হয়েছে: তানিয়া বৃষ্টি

ক্যামেরার সামনে দাঁড়িয়েই মনে হলো নতুন জন্ম হয়েছে: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি জীবনের কঠিন সময় পার করে আবারও অভিনয়ে ফিরেছেন। দীর্ঘদিন হাসপাতাল ও চিকিৎসার মধ্যে থাকার পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে বেশ আবেগাপ্লুত তিনি। অভিনয়ে ফিরে তার মনে হয়েছে, যেন নতুন করে জীবন শুরু করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে।’গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন, তার মস্তিষ্কে ক্যানসার হয়েছে। এরপর দেশে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে আরও একটি অস্ত্রোপচার করাতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে আগের চেয়ে সুস্থ হয়ে উঠছেন এই অভিনেত্রী। ধীরে ধীরে ফিরছেন কাজেও।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অসুস্থতা ও চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরেন তানিয়া। ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, অসুস্থতার শুরুতে তেমন কোনো সমস্যা বুঝতে পারেননি। ‘দাদির আদর’ নাটকের শুটিংয়ের সময় সামান্য মাথাব্যথা হয়েছিল। তবে তখন বিষয়টিকে সাধারণ মাথাব্যথা ভেবেই এড়িয়ে গিয়েছিলেন তিনি। তানিয়ার জানান, টানা চার দিন শুটিংয়ের সময় মাথাব্যথা কখনো বাড়ছিল, আবার কখনো কমছিল। কাজের ব্যস্ততার কারণে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু পঞ্চম দিন সকালে মাথাব্যথা অসহনীয় হয়ে ওঠে। সেই সঙ্গে শুরু হয় বমি। পরিস্থিতি খারাপ হওয়ায় সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে জানতে পারেন, তার মস্তিষ্কে ক্যানসার হয়েছে। শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন-এমন খবরেরও ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, শুটিংয়ের সময় অসুস্থ হননি; বরং টানা কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছিলেন। কখনো দুপুরের খাবার সন্ধ্যায় খেতে হয়েছে, আবার রাত পর্যন্ত চলেছে শুটিং। বিরতি ও অনিয়মের কারণে শরীরে ক্লান্তি এসেছিল। দীর্ঘ আট মাসের বিরতি শেষে গত অক্টোবরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া। সেই অভিজ্ঞতা ছিল তার কাছে ভীষণ আবেগের। অভিনয়জীবনের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যায়। সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় নতুন করে কাজের অনুপ্রেরণাও পেয়েছেন তিনি। অভিনেত্রীর বলেন, ‘আমি যখন প্রথম শুটিং করি, তখন একদম নতুন ছিলাম। অভিনয়ের কিছুই জানতাম না, শুধু ভালোবাসা আর আগ্রহ ছিল। এবার শুটিংয়ে ফিরে নিজেকে আবার সেই জায়গায় মনে হয়েছে। মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে। টিমের সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ।’ তবে পুরোপুরি সুস্থ হতে এখনো বাকি পথ। চিকিৎসার অংশ হিসেবে প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। আরও দুই মাস এই চিকিৎসা চলবে। এ সময় নিয়মিত শুটিং করার পরিকল্পনা নেই তানিয়ার। শারীরিক অবস্থা বুঝে মাসে এক-দুটি কাজে যুক্ত হতে চান তিনি। চিকিৎসা শেষ হলে আরও সতর্কভাবে স্বাভাবিক জীবনে ফিরতে চান। অসুস্থতার খবরের চেয়ে নিজের অভিনয় ও কাজ দিয়েই দর্শকের কাছে পরিচিত হতে চান এই অভিনেত্রী। পাশাপাশি কারও শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে নতুন শুরুর অপেক্ষায় তানিয়া বৃষ্টি

দীর্ঘ দিন তানিয়া বৃষ্টি অভিনয় থেকে দূরে ছিলেন। এর মধ্যে পেরিয়েছেন জীবনের কঠিন এক অধ্যায়। মস্তিষ্কে অস্ত্রোপচার, এরপর কেমোথেরাপি-সব কিছু মিলিয়ে সময়টা মোটেও সহজ ছিল না অভিনেত্রীর জন্য। তবে কঠিন সময় পেছনে ফেলে এবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। দীর্ঘ নয় মাস পর ফেসবুক লাইভে এসে জানালেন, আবারও শুটিংয়ে ফিরতে চান। এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে সেটি অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাকে। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় ঠিকমতো কথা বলতেও পারেননি এই অভিনেত্রী। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। দীর্ঘ বিরতির পর শনিবার ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তানিয়া। শুরুতেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, তিনি এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। অস্ত্রোপচারের কারণে তার ওজন বেড়েছে বলেও জানান তিনি। লাইভে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তানিয়া জানান, এখনও তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস ইতোমধ্যে শেষ হয়েছে। তবে চিকিৎসার পাশাপাশি অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। অভিনয়ে ফেরার প্রসঙ্গে তানিয়া বলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’ তানিয়ার এই কথায় যেন দীর্ঘ অপেক্ষার অবসানের ইঙ্গিত পেলেন তার ভক্তরা। অসুস্থতার পুরো সময়জুড়েই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তিনি জানান, দর্শকের ভালোবাসাই তাকে আবার কাজে ফেরার সাহস দিচ্ছে। তানিয়া বলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অভিনয় করব, কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’ চিকিৎসকের পরামর্শ মেনেই বর্তমানে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী। বেশির ভাগ সময় কাটে তার পোষা বিড়ালগুলোর সঙ্গে। বাইরে কোথাও গেলেও সঙ্গী হয় তারা। দীর্ঘ চিকিৎসার সময় এই পোষা প্রাণিগুলোও তাকে মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করেছে বলে জানান তিনি। দীর্ঘ নয় মাসের কঠিন সময়ে পাশে থাকা ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া। তার জন্য নিয়মিত দোয়া করা এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা দর্শকদের ভালোবাসা তাকে ছুঁয়ে গেছে। সবশেষে ভক্তদের কাছে নিজের জন্য দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।’

জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে নতুন শুরুর অপেক্ষায় তানিয়া বৃষ্টি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream