আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এরই মধ্যে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কাজের ক্ষেত্রে কোনো ধরনের ধীরগতি বা অপেক্ষার প্রবণতা তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন। দুপুর আড়াইটায় শুরু হওয়া সভা চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবেরা অংশ নেন।
সভা সূত্রে জানা গেছে, বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব জানতে চান, প্রশাসনের কোনো পর্যায়ে কর্মকর্তারা কাজে গতি না বাড়িয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব ও সারসংক্ষেপ দ্রুত পাঠানোর নির্দেশ দেন তিনি।
এ ছাড়া চলমান শ্রমিক আন্দোলন ও দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বলা হয়।
সভায় উপস্থিত এক সচিব জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে আলোচনা হয়েছে। তবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকারের কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশাসনে ডিসেম্বর নিয়ে আলোচনার পেছনে রয়েছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে চলে যান তিনি। পরে ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন তার আইনজীবীরা। বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য পাসপোর্ট নয়, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার কথা জানান তিনি।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্ট ও এনআইডির জন্য করা আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যাচাই করছে। দণ্ডিত পলাতক আসামির এ ধরনের আবেদন করার সুযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মতামত