কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনাটিকে পেট্রোল বোমা হামলা বলে অভিযোগ করেছে এনসিপি।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। এদিকে, নুসরাত তাবাসসুম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন। পোস্টে তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে, কারা মেরেছে তা তিনি জানেন না। তবে এভাবে তাঁর কণ্ঠরোধ করা যাবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অন্যদিকে, এনসিপির পক্ষ থেকে এ হামলার জন্য আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করা হলেও পুলিশ এখনো এ ঘটনার সঙ্গে জড়িত দের নিশ্চিত করতে পারেনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পরিবারের সদস্যরা পাশের একটি তিনতলা ভবনে থাকায় তাঁরা অক্ষত রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগের সত্যতা এবং অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত