রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করলেও কমছে না দাম। বরং উচ্চমূল্যের কারণে নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। শুধু সবজি নয়, মাছ, মাংস ও ডিমের দামও রয়েছে চড়া। এতে বাড়তি চাপ পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার খরচে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা। পুরোনো আলুর দাম ৩০ টাকা। গাজর ১০০ থেকে ১৪০ টাকা, পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ১২০, গোল বেগুন ১০০, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া শিম ৮০ থেকে ১২০ টাকা, শসা ১০০ টাকা এবং ফুলকপি ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলার কেজি ৬০ টাকা।
মাছের বাজারেও দাম রয়েছে চড়া। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা মাছের দাম ৩৮০ থেকে ৪২০ টাকা। অন্যদিকে, ইলিশের কেজি ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। বড় আকারের ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকাও ছাড়িয়েছে।
ডিম ও মুরগির দামেও স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা। এ ছাড়া গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বাজারে এখনো পর্যাপ্ত নতুন সবজি আসেনি। সরবরাহ বাড়লে আগামী এক সপ্তাহের মধ্যে কিছুটা দাম কমতে পারে। একই ধরনের সবজির সরবরাহ বাড়লে বাজারে প্রতিযোগিতা তৈরি হবে, তখন দাম কমার সম্ভাবনা রয়েছে।
তবে বাজারের এমন পরিস্থিতিতে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। নাঈম নামে এক ক্রেতা বলেন, সবজির দাম বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। মাছ কিনতে গিয়েও ফিরে আসতে হচ্ছে। আগে যে মাছ ৮০০ টাকায় পাওয়া যেত, এখন সেটি কিনতে ১ হাজার ২০০ টাকা লাগছে। এভাবে নিত্যপণ্যের দাম বাড়তে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
মতামত