নির্ধারিত সময়ে আবাসিক হলের নির্মাণকাজ শেষ না হওয়ায় আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাড়ে চার হাজার শিক্ষার্থী। এতে ক্যাম্পাসের বাইরে মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে তাদের। ফলে হলে উঠতে না পারা এসব শিক্ষার্থীদের সম্মিলিত অতিরিক্ত আবাসন ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৮ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের লক্ষ্যে ২০১৮ সালের জুনে ৫৩৭ কোটি ০৭ লাখ টাকার বরাদ্দ পায় ইসলামী বিশ্ববিদ্যালয়। ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (তৃতীয় পর্যায়)-প্রথম সংশোধিত’ শীর্ষক চার বছর মেয়াদি প্রকল্পটির প্রাথমিক মেয়াদ নির্ধারণ করা হয় ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের আওতায় চারটি নতুন হল ও একটি হলের বর্ধিত অংশ নির্মাণের পরিকল্পনা ছিল। এসব কাজ শেষ হলে নতুন করে প্রায় চার হাজার ৫০০ শিক্ষার্থী আবাসন সুবিধা পাওয়ার কথা ছিল। ফলে এসব শিক্ষার্থীকে এখনো ক্যাম্পাসের বাইরে মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে।
মেস ও বাসা ভাড়া নিয়ে থাকা শিক্ষার্থী এবং মালিকদের সাথে কথা বলে জানা গেছে, ক্যাম্পাসের বাইরে একজন শিক্ষার্থীর বছরে আবাসন (বাসাভাড়া, বিদ্যুৎ, ওয়াইফাই, গ্যাস, বাবুর্চিসহ আনুষঙ্গিক) খরচ গড়ে ২৫ হাজার টাকা। মাসিক হিসাবে এ ব্যয় ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের হলে প্রথম ও দ্বিতীয় বর্ষে একজন শিক্ষার্থীর বার্ষিক আবাসন ব্যয় ৩ হাজার ১৮০ টাকা। তৃতীয় ও চতুর্থ বর্ষে এ ব্যয় ২ হাজার ৬৪০ টাকা। সে হিসাবে ক্যাম্পাসের বাইরে অবস্থানের কারণে একজন শিক্ষার্থীর বছরে আনুমানিক অতিরিক্ত আবাসন ব্যয় হচ্ছে গড়ে ২২ হাজার টাকা।
এ হিসাবে চার হাজার ৫০০ শিক্ষার্থীর বছরে অতিরিক্ত ব্যয় দাঁড়ায় প্রায় ৯ কোটি ৯০ লাখ টাকা। আর ২০২২ সালের ৩১ ডিসেম্বরের নির্ধারিত সময় থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত তিন বছর ১০ মাসে শিক্ষার্থীদের সম্মিলিত অতিরিক্ত আবাসন ব্যয় দাঁড়িয়েছে ৩৭ কোটি ৯৫ লাখ টাকা। এর বাইরে কুষ্টিয়া ও ঝিনাইদহসহ দূরবর্তী এলাকায় অবস্থান করা শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতেও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে সিঙ্গেল রুম নিয়ে থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে বছরে এ ব্যয় প্রায় ২৭ হাজার থেকে ৩৫ হাজার টাকা।
আর্থিক ক্ষতির পাশাপাশি ক্যাম্পাসের বাইরে অবস্থানের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তাঝুঁকিও তৈরি হচ্ছে। আবাসিক সুবিধা না পাওয়ায় এসব শিক্ষার্থীদের মধ্যে অনেককে দূর থেকে ক্যাম্পাসে যাতায়াত করতে হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অতিরিক্ত পরিবহনব্যবস্থা পরিচালনা করতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ভাড়া করা বাসের জন্য বরাদ্দ ছিল ৫ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের জ্বালানি বাবদ বরাদ্দ ছিল ৪ কোটি ৫০ লাখ টাকা।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জুনে একনেক সভায় অনুমোদন পাওয়া প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ছিল ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রথমে এক বছর, পরে আরও এক বছর, এরপর দেড় বছর মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়। সর্বশেষ আরও ১ বছর মেয়াদ বাড়িয়ে এ প্রকল্পের কাজ ২০২৭ সালের জুন মাস পর্যন্ত শেষ করার জন্য নির্ধারণ করা হয়।
প্রকল্পের আওতায় ৯টি নতুন ১০ তলা ভবন নির্মাণ এবং ১১টি বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। নতুন ভবনের মধ্যে দুটি ছাত্র হল, দুটি ছাত্রী হল, একটি একাডেমিক ভবন, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক ভবন এবং দ্বিতীয় প্রশাসনিক ভবন নির্মাণের কথা রয়েছে। পাশাপাশি একাডেমিক ভবন, চিকিৎসাকেন্দ্র, টিএসসিসি, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ ১১টি ভবনের সম্প্রসারণের কাজও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, সম্প্রসারণের অধিকাংশ কাজ শেষ হলেও নতুন ভবনগুলোর নির্মাণকাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭৪.১৫ শতাংশ। এ প্রকল্পে ইতোমধ্যে ব্যয় ৩৯৮ কোটি ২ লাখ ৮ হাজার ২৭৫ টাকা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ড. নওয়াব আলী খান বলেন, “আমরা আমাদের জায়গা থেকে প্রকল্প দ্রুততম সময়ে শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে আমরা কাজ শেষ করতে পারছি না। তবে, সরকারের নির্দেশনা মোতাবেক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য আমরা চেষ্টা করছি।"
ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা কন্সট্রাকশন লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার মুন্না বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের কাজ ধীরগতিতে চলে আসলেও আমরা এখন কাজটা দ্রুত গতিতে করার চেষ্টা করছি। আশা করি ২০২৭ সালের জুন মাসের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারবো।"
নির্ধারিত সময়ে হল নির্মাণ শেষ হয়নি, ইবি শিক্ষার্থীদের বাড়তি ব্যয় প্রায় ৩৮ কোটি টাকা
মতামত