সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর দায়েরকৃত হত্যা মামলায় নতুন মোড় দেখা দিয়েছে। সম্প্রতি আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন গ্রেপ্তার হওয়ার পর মামলাটি নিয়ে কথা বলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি ডিপজল, অভিনেত্রী ডলি জহুর এবং চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন।
ডনকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তার খবরে অভিনেতা ডিপজলকে ধন্যবাদ জানান নীলা চৌধুরী। তবে তিনি বলেন, ডিপজল চলচ্চিত্রের ভেতরের অনেক তথ্য জানেন বলেই ডনকে ধরিয়ে দিতে পেরেছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিপজলকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
নীলা চৌধুরীর দাবি, ঘটনার দিন ও তার আশেপাশের ঘটনার বিষয়ে ডলি জহুর এবং চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার অনেক কিছু জানেন। প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা এবং ডলি জহুরকে আসামি করার বিষয়েও ইঙ্গিত দেন তিনি।
সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হত্যা মামলার আসামি ডন এসে ভোট দেওয়া এবং তাঁকে বরণ করে নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সভাপতি শিবা শানুসহ যাঁরা ডনকে প্রশ্রয় দিয়েছেন, তাঁদের চিহ্নিত করার আহ্বান জানান নীলা চৌধুরী।
ডন গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুম এবং সালমান ভক্তদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান নীলা চৌধুরী। অন্যদিকে 'সালমান শাহ ভক্ত ঐক্যজোট'-এর উদ্যোগে ৬৪ জেলার ভক্তরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মূল আসামি সামিরাসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার ও ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর পর দায়ের হওয়া এ হত্যা মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
মতামত