মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব বাড়ছে। তাঁর মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে এটি একটি বড় কারণ। এ ছাড়া ইরান যুদ্ধ ও জ্বালানির উচ্চ দামও নির্বাচনে প্রভাব ফেলেছে।
সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সেখানে নির্বাচনের ফলাফল এবং পরাজয়ের কারণ নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।
ট্রাম্প দাবি করেন, তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা এখনো অনেক বেশি। তবে রিপাবলিকান প্রার্থীরা তাঁর প্রতি মানুষের সমর্থনকে ভোটে পরিণত করতে পারেননি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রথমত, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। তবে কয়েকজনের পক্ষে জোরালো প্রচার চালিয়েছি। আমার নাম ব্যালটে থাকলে পরিস্থিতি ভিন্ন রকম হতো বলে আমি মনে করি।’
এরপর তিনি বলেন, ‘এর বাইরেও কিছু বিষয় ছিল। তারা (ভোটার) যুদ্ধ পছন্দ করেনি। জ্বালানির দাম বেড়ে যাওয়াটাও তাদের ভালো লাগেনি।’
ইসরায়েলকে অপছন্দ ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের প্রতি একধরনের অনীহা বা অপছন্দের প্রবণতা দেখা যাচ্ছে। এর পাশাপাশি আছে যুদ্ধ ও জ্বালানির দাম। আমার মনে হয়, এগুলোই পরাজয়ের প্রধান কারণ।’
ভোটারদের কোন অংশের মধ্যে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। নিজের মূল্যায়নের পক্ষে কোনো জনমত জরিপের তথ্যও তুলে ধরেননি।
ট্রাম্প বলেন, তাঁর ‘মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা)’ কর্মসূচিও যুদ্ধের বিরোধীতা করে। এটি তাদের দীর্ঘদিনের অবস্থান। তিনি নিজেও সব সময় যুদ্ধ থেকে দূরে থাকতে চেয়েছেন। তাঁর প্রশাসন সফলভাবে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটিয়েছে।
মতামত