ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায় একটি বেসরকারি নার্সিংহোমে সন্তান প্রসবের পর নবজাতককে জানালা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ১৬ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে। নিচে পড়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুকন্যাটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পেটের তীব্র ব্যথা নিয়ে পরিবারের সদস্যরা ওই কিশোরীকে উত্তরপাড়া পৌরসভা পরিচালিত নার্সিংহোমে ভর্তি করেন। পরদিন শনিবার সকালে ব্যথা বেড়ে গেলে সে একাই বাথরুমে যায়। সেখানেই কারও সহায়তা ছাড়াই একটি কন্যাসন্তানের জন্ম দেয় বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, সন্তান প্রসবের পরপরই কিশোরী নবজাতককে বাথরুমের জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পথচারী রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে হাসপাতালের কর্মীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, ভর্তির সময় কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে পরিবারের কাছে জানতে চাওয়া হয়েছিল। তবে তারা বিষয়টি অস্বীকার করেন। অন্যদিকে কিশোরীর মায়ের দাবি, মেয়ের গর্ভধারণের বিষয়ে পরিবারের কেউ জানতেন না। সাধারণ পেটব্যথা ভেবেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। পরিবারের বক্তব্য যাচাইয়ের পাশাপাশি নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। মৃত নবজাতকের ময়নাতদন্তও করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নার্সিংহোমকে ঘিরে এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল। অতীতে হাসপাতাল চত্বর থেকে ভ্রূণ উদ্ধারের ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁদের।
মতামত