বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিনে নিজের দ্বিতীয় ইনিংসে ৯ রান করেই এই রেকর্ড গড়েন তিনি।
সিলেট টেস্ট শুরুর আগে ৭ হাজার রান পূর্ণ করতে মুশফিকের প্রয়োজন ছিল ৪৩ রান। প্রথম ইনিংসে ৩৪ রান করে আউট হওয়ায় অপেক্ষা কিছুটা বাড়ে। তবে দ্বিতীয় ইনিংসে ৯ রান করেই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান এই অভিজ্ঞ ব্যাটার।
দীর্ঘ প্রায় ২১ বছরের ক্যারিয়ারে ১০৭ টেস্টের ১৯৭ ইনিংসে ৭ হাজার রান পূর্ণ করলেন ৩৯ বছর বয়সী মুশফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেও বিশ্ব ক্রিকেটে তিনি ৫৯তম ব্যাটসম্যান।
দীর্ঘ ক্যারিয়ারে ৩৯.১০ গড়ের সঙ্গে ১৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে এই মাইলফলকে পা রাখেন মুশফিক। বাংলাদেশের আর কারও ৬ হাজার রানও নেই।
দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ২৯৩ রান মুমিনুল হকের, ১৫২ ইনিংসে। এছাড়া ৫ হাজার আছে শুধু তামিম ইকবালের, ১৩৪ ইনিংসে ৫ হাজার ১৩৪ রান।
মুশফিকের ১৪ সেঞ্চুরিও বাংলাদেশের রেকর্ড। মুমিনুলের সেঞ্চুরি ১৩টি। তামিম করেছেন ১০টি সেঞ্চুরি।
মতামত