৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলার ‘বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’। সমবায় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং নির্ধারিত ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সমিতিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) চাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতির প্রতিনিধিদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
সমিতিটি ২০২৫ সমবায় বর্ষে ‘অডিট ফি ও সিডিএফ’ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। এ অর্জন সমিতির সাংগঠনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও সমবায়ভিত্তিক উদ্যোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় অবস্থিত ‘বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ ২০২৩ সালের ৯ অক্টোবর নিবন্ধিত হয়। সমিতিটির নিবন্ধন নম্বর ১৩৩।
সমিতির সম্পাদক মো. নাছির উদ্দিন ও অর্থ সম্পাদক মো. খালেদ হোসেন খান এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান, সমিতির সদস্যদের আন্তরিক সহযোগিতা, সম্মিলিত প্রচেষ্টা ও ধারাবাহিক কার্যক্রমের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা এবং ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন কমিটির সভাপতি মো. শাহাব উদ্দিন স্বাক্ষরিত সম্মাননা সনদ ও স্মারক সমিতির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি অর্জনে সমিতির সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
এ অর্জনকে সামনে রেখে ভবিষ্যতেও সমবায়ের মাধ্যমে সঞ্চয় কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সমিতির সংশ্লিষ্টরা।
মতামত