ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজ মোল্লার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রবিবার দুপুরে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে এবং পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মতামত