ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এসব বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর ক্যাম্পাসের আরও কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এমনকি শাহবাগ এলাকাতেও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।
এ ঘটনায় টিএসসি এলাকায় বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আটক ব্যক্তিদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে উদ্যানের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মেট্রোরেলের পাশের টিএসসি গেটে বিস্ফোরণের পর কয়েকজনকে দৌড়ে পালাতে দেখা যায়। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়।
ঘটনার পর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
তবে কারা, কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহ করা হলেও এর পক্ষে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত