ঝালকাঠি পৌর এলাকার নতুন কলাবাগান থেকে ৫৪০ গ্রাম গাঁজাসহ নিপু খান (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন কলাবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় নতুন কলাবাগান এলাকার হালিম খানের বাড়ির ভাড়াটিয়া নিপু খানের বসতঘরের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নিপু খান ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি এলাকার মৃত হায়দার খানের ছেলে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সুজন চন্দ্র রায় বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মতামত