জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব পোশাক কারখানায় এ ছুটি কার্যকর করা হবে।
এর আগে গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত জানায়। মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।
সরকারের এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার পোশাকশিল্পের কারখানাগুলোতেও সাধারণ ছুটি কার্যকরের ঘোষণা দিল বিজিএমইএ। ফলে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে।
উল্লেখ্য, চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য এ উপলক্ষে অতিরিক্ত ছুটি পাওয়ার সুযোগ থাকছে না।
মতামত