ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে শহরের মিনি স্টেডিয়াম সংলগ্ন ছাগল হাটার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওয়াদুদ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি স্টেডিয়াম এলাকায় একটি ভাতের হোটেল পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় লোকজন ছাগল হাটার একটি চৌচালা ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তারা পুলিশকে খবর দিলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ঘটনাস্থল থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতামত