ফরিদপুরের সালথায় এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন কৃষ্ণা বাড়ই। কৃষ্ণা বাড়ই সালথা উপজেলার নবকাম পল্লী কলেজ থেকে মানবিক বিভাগে ২০২৬ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি বোয়ালমারী উপজেলার বাউরকান্দী গ্রামের রনজিত বাড়ই এর মেয়ে।
নবকাম পল্লী কলেজ সূত্রে জানা গেছে, কৃষ্ণা বাড়ই কলেজের অভ্যন্তরীন পরীক্ষাগুলোতে সর্বদা ভালো ফলাফল অর্জন করেছে।
কৃষ্ণা বাড়ই বলেন, দীর্ঘ দুই বছরের পরিশ্রমের পর এইচএসসিতে কাঙ্খিত ফলাফল অর্জন করতে পেরেছি। আমার এই সাফল্যের পিছনে আমার মা বাবার আশীর্বাদের পাশাপাশি আমার প্রিয় নবকাম পল্লী কলেজের সম্মানিত শিক্ষকদের অবদান অনস্বীকার্য। কলেজের নাম উজ্জ্বল করতে পেরে আমি গর্বিত।
নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষায় গৌরবোজ্জ্বল ফলাফল করে কলেজের নাম উজ্জ্বল করার জন্য কৃষ্ণা বাড়ইকে জানাই আন্তরিক অভিনন্দন। কৃষ্ণার সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। কৃষ্ণার এই অসাধারণ সাফল্য আমাদের কলেজের গৌরব আরও বাড়িয়ে দিয়েছে। তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা আজ সার্থক হয়েছে। আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের মঙ্গল কামনা করি।
মতামত