ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন। নির্ধারিত আইনি প্রক্রিয়া, আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
রাজধানীর মিরপুরে ভাঙচুরের একটি ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন।
পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে এ আসনে প্রার্থী মনোনীত করা হয়।
মতামত