বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের আওতাধীন চারটি সেক্টরের সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম আট মাসে অভিযান চালিয়ে ৮৩০ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে। একই সময়ে বিপুল পরিমাণ অস্ত্র,গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
বিজিবি সূত্র জানায়,১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ সিলেট,শ্রীমঙ্গল,কুমিল্লা ও ময়মনসিংহ সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। সরাইল রিজিয়নের অধীনে থাকা ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে ২১১টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।
এসব অভিযানে চারটি পিস্তল,ছয়টি এয়ারগান, পাঁচটি পাইপগান ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক,১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়।
ব্রিফিংয়ে আরও জানানো হয়,সিলেট অঞ্চলের কালাসাদেক,গুচ্ছগ্রাম,ধলাই ব্রিজ,পিয়াইন নদী, বাল্লাঘাট ও জাফলং ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছে বিজিবি। এ সময় পরিচালিত অভিযানে ২ হাজার ১২১ ঘনফুট বালু ও ৭ হাজার ৪৬৫ ঘনফুট পাথর জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন,মাদক,অস্ত্র,মানবপাচারসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা,মাদকমুক্ত সমাজ গঠন,সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় সম্পদ সুরক্ষায় বিজিবি অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন,সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত