নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে পানিতে ডুবে পাখি আক্তার (১২) ও সিনহা (৪) নামে খালা-ভাগ্নির মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত পাখি আক্তার ওই এলাকার আবুল হোসেনের মেয়ে। আর চার বছর বয়সী সিনহা নাউতারা নিজপাড়া (ঝাকুয়াটারী) এলাকার সেলিমুর রহমানের মেয়ে। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে কয়েকজন শিশু সেচ ক্যানেলের পাশে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে পাখি আক্তার পানিতে নামলে তিনিও ডুবে যান।
শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ক্যানেলে নেমে দুজনকে উদ্ধার করেন। তবে উদ্ধারের পর তাদের আর জীবিত পাওয়া যায়নি।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত