শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই বিশেষ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
বান্দরবান কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত এই বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রাজু কর্মকার। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে সবার মাঝে আনন্দ ভাগ করে নিতে এবং সম্প্রীতির বন্ধন আরও মজবুত করতেই এই উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সম্প্রীতিমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।
উপহার পেয়ে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
মতামত