শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তারা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ৬ নম্বর কাদিপুর ইউনিয়নের কাদিপুর শিববাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন; কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মহিত বাবলু এবং কাদিপুর ইউনিয়নের বিট অফিসার এসআই মুহিদ আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন,“গতবারের তুলনায় এবার দুর্গাপূজায় আরও জোরদার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর থাকবে।”
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন,“দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা,দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশাসন,পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মতামত